ঢাকা-১৫ আসনের ভোট গ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও ভোট দিতে না পারার অভিযোগ করেছেন ভোটাররা। ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রটির তিন গেইটেই ধানের শীষ ও নৌকার পোলিং এজেন্টরা অবস্থান নেয়। সেখানে পুলিশও গেইট বন্ধ করে দিয়ে অবস্থান নেয়। অন্যদিকে পেছনের দুই গেইটেই অবস্থা নেয় ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রার্থী জামায়াতের সেক্রোটারি জেনারেল ডা. শফিকুর রহমানের কর্মী-সমর্থকরা। ফলে জটিলতা তৈরি হয়।
কেন্দ্রের ভোটাররা বলেন, ‘দেড় মিনেটের পথ পেরিয়ে ভোটকেন্দ্র পর্যন্ত আসতে পারিনি সাড়ে তিন ঘণ্টা পার হলো। ভোট দেয়া হবে কিনা বুঝতেছি না। ভেতরে কী হচ্ছে তাও তো বুঝতেছি না। সাইট দিয়া লোক যায় ভোট দেয়, আর আমরা ভোট দিতে পারতেছি না!’ তারা বলেন, ভোট কেন্দ্রের ভেতর তো খালি কিন্তু গ্যাঞ্জাম তো বাইরে। পুলিশও ঠেকাতে পারছে না।’
অন্যদিকে গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি ভোটকেন্দ্রটির ভেতরে। যে কারণে ভেতরের অবস্থা ও প্রিসাইডিং অফিসার, প্রার্থীদের এজেন্টদের সাথে কথা বলা কিংবা সার্বিক অবস্থা বোঝার সুযোগই হয়নি।