শাবিপ্রবি

নির্বাচনী প্রচারণায় যারা, ভোটকেন্দ্রের দায়িত্বেও তাঁরা

২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৩২ PM
 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৯ কর্মকর্তা। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এ কর্মকর্তাদের অনেকেই প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এ অবস্থায় তাঁরা নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না বলে মনে করছে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো। 

নির্বাচনী আচরণবিধির ১৪(২) ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। তবে সংশ্লিষ্টরা বলছেন, তাঁদের দলীয় দায়িত্ব বা পরিচয় সরকারি দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না। 

প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাবিপ্রবির কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন। তিনি এমসি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা। সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের পক্ষে নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। প্রচারণার  ছবি তাঁর ফেসবুক প্রোফাইলেও শোভা পাচ্ছে। 

শাবিপ্রবির সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন শিশির। ক্যাম্পাসে কমিটি না থাকা অবস্থায় ছাত্রলীগের একটি পক্ষ নিয়ন্ত্রণ করতেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০ ডিসেম্বর ফেসবুকে ‘সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিন’ লেখা তাঁর কভার ছবি আপডেট করেছেন। 

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাসেন্দ্র দাস ও সিরাজুল ইসলাম উজ্জ্বলও শাবিপ্রবি ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁরাও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ইনস্ট্রুমেন্ট কর্মকর্তা খন্দকার মমিনুল হক, সহকারী রেজিস্ট্রার শাহীন আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা রাজীব ও মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী হিসেবে পরিচিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তাবৃন্দ নামে একটি কর্মকর্তা পরিষদ থেকে বেশ কয়েকবার অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন করেছেন। নিয়োগ পাওয়া অন্য সব কর্মকর্তাই বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত এই প্যানেলের সদস্য।

কলেজ পরিদর্শক তাজিম উদ্দিনকে মুঠোফোনে কল দিলে তিনি সিলেট সদর উপজেলার সাহেব বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগে আছেন বলে জানান। প্রচারণা কেমন চলছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সবাই (আ.লীগ প্রার্থী) বের হয়ে (জয়ী) আসবেন।’ ভোট গ্রহণ কর্মকর্তা হয়েও দলীয় প্রার্থীদের প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের জয়ের জন্যই খাটছি।’ 

জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন শিশির চাকরিজীবনে রাজনৈতিক সমর্থন প্রকাশ করছেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। তবে আমাকে বিভিন্নজন ফোন করে এ বিষয়ে বিরক্ত করছে।’

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬