নির্বাচনী প্রচারণায় এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার © সাম্প্রতিক ছবি
ফুলবাড়ী-পার্বতীপুর ২ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসন গঠিত। ১৯৮৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৬ বার এই আসনে নৌকা প্রতীকে জয় উপহার দিয়েছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। টানা সপ্তমবার জয়ের পথে এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। বর্তমানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ফিজার।
টানা সাতবার জয় পেতে আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ফিজার। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দুই মেয়ে ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলা। ভোটের মাঠে ফিজারের দুই মেয়ে থাকাতে মহিলা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে জানা গেছে।
এ ব্যাপারে মন্ত্রীর মেয়ে ফারহানা রহমান মুক্তা জানান, বাবা দীর্ঘ ৩০ বছর ধরে এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছেন। তার বাবার মতো তারাও মানুষের মাঝে থাকতে চান। এ জন্য বাবার দেখানো পথে তারাও মানুষের কাছে যাচ্ছেন এবং এই অঞ্চলের মানুষ তাদের আপন করে গ্রহণ করেছেন।
ফিজারের নির্বাচনী এলাকায় ছাত্রলীগের পক্ষে প্রচারণার কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রিপন। তিনি ‘দ্যা ডেইলি ক্যাম্পাসকে’ বলেন, দিনাজপুর-৫ আসনে ১৯৮৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রত্যেকটি সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে জয় উপহার দিয়েছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। দীর্ঘ এ সময়ে তিনি ওই এলাকার রাজনৈতিক অভিভাবক হয়ে ওঠেছে। আর তিনি নিরলসভাবে কাজ করে গেছেন এলাকার উন্নয়নে।
তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তার জন্য জনসাধারণের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন তার সুযোগ্য দুই কন্যা। বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন সমন্বয় কমিটির একজন সদস্য হওয়ায় আমার সুযোগ হয়েছে তাদের খুব কাছ থেকে নির্বাচনী প্রচারণার সঙ্গী হওয়ার। দেখেছি পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলার মানুষের ভালবাসা। মন্ত্রীকন্যা দ্বয়কে জনগণ কাছে টেনেছেন এক অকৃত্রিম ভালবাসায়। মানুষের ভালবাসা এবং জনসমর্থনই সপ্তম বারের মত মোস্তাফিজুর রহমান ফিজারকে জয়যুক্ত করে নৌকার বিজয় নিশ্চিত করবে। পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলার মানুষের সাথেই সুর মিলিয়ে বলতে চাই, ‘৩০ বছরের ফিজার ভাই, ৩০ টাকার দুর্নাম নাই’।