অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী © ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, অন্ধকারের শক্তিকে পদদলিত করে বিজয়ের গৌরবে অভিষিক্ত হতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি বলেন, শেখ হাসিনার আধুনিক রাষ্ট্রদর্শন বাস্তবায়নে চাই দেশপ্রেমিক, মুক্তমনা, জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মানবসম্পদ।
আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়ের গৌরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশেষ সময়ের নেতা নন। বঙ্গবন্ধু সর্বযুগের, সর্বকালের, নির্যাতিত-নিপীড়িত গণমানুষের মুক্তির দূত। এ বিশ্ব নেতা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় বাস্তবায়নে আজীবন জেল, জুলুম, হুলিয়া ভোগ করেছেন এবং ‘৭১ এ একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছেন। আজকের বাংলাদেশ তাঁরই সুযোগ্য উত্তরাধিকারী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্ববাসীর কাছে বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত। উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় নিয়ে প্রজন্মের সন্তানদের ঐক্যবদ্ধ প্রয়াসে কাজ করার উদাত্ত আহবান জানান।
এসময় অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জনাব শায়লা শারমিন, নাট্যকলা বিভাগের জনাব শামীম হাসান, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়ুয়া এবং কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘বিজয়ের গৌরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক অনুষ্ঠানমালা আজ বিকেল ৩টায় সিআরবি শিরিষতলা ছাড়াও সকাল ১০টায় ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট এবং বিকেল ৫টায় দেওয়ানহাটমোড়ে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্পটে অনুষ্ঠিত হবে।