মাজহারুল কবির শয়ন © ফেসবুক থেকে
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের নির্বাচনকালীন আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটিতে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনা। তবে শয়ন বিষয়টি অস্বীকার করেছেন। আর সংশ্লিষ্টরা বলেছেন, শয়ন প্রথমে নিজের আসনে কুমিল্লা-৬ সমন্বয়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন মনোপুতঃ হয়নি বলেই সে এমনটা বলছে বলে দাবি করছেন তারা।
জানা যায়, গত ১১ ডিসেম্বর ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পান মাজহারুল কবির শয়ন।
এ বিষয়ে মাজহারুল করিম শয়ন বলেন, ‘আমি জানি না এমন কিছু।’ কিন্তু ‘আপনার নামতো বিজ্ঞপিতে উল্লেখ আছে’ স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘না, আমি এ বিষয়ে অবগত না। আমাকে এ পর্যন্ত কেউ কিছু বলে নি।’
এ বিষয়ে ছাত্রলীগের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী পরিচালনা ও সমন্বয়ক কমিটির সমন্বয়ক সাজ্জাদ হোসেন এবং সাদ বিন কাদেরের সঙ্গে যোগাযোগ করা হয়।
তারা জানান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে বললেই তো হবে না। শয়ন নিজে দায়িত্ব নিতে চেয়েছে নাকি তাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে জানতে চাইলে তারা বলেন, তার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় নি। সে তার নিজের আসনে কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর) সমন্বয়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলো। পরে তাকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন মনোপুতঃ হয় নি বলেই সে এমনটা বলছে বলে মনে হচ্ছে।

কুমিল্লা-৬ আসনের বর্তমান সমন্বয়ক মনিরুল ইসলাম। তবে এই দুই আসনে (কুমিল্লা-৪ ও কুমিল্লা-৬) সমন্বয়ক পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সাজ্জাদ ও সাদ।
প্রসঙ্গত, এর আগে মাজহারুল কবির শয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক ছিলেন। পরে তিনি ঢাবি ছাত্রলীগের হাসান-প্রিন্স কমিটির সময়ে সদস্য পদ পান। পরবর্তীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক হন। বর্তমানে তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’র সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।