নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন © সংগৃহীত
নির্বাচনী প্রচারণায় পোস্টারিং, মাইকিং ও প্রচারপত্র বিলির কাজে শিশুদের ব্যবহার না করার দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে এ দাবি জানানো হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, বিগত বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় ও নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার না করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।
মানবন্ধনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনী প্রচারণা ও সমাবেশে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনী পোস্টারিং, মাইকিং ও প্রচারপত্র বিলির কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া মানবন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সজীব খান, সমন্বয়কারী শেখ মেহেদী হাসান নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ কাননসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।