বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর আজ বাংলাদেশ সময় ভোরে নিউইয়র্ক থেকে বাংলাদেশের বিমানে উঠছেন দেশ সেরা এই ক্রিকেটার। আজ গভীর রাতে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সাকিবের বিমান।
জানা গেছে, ইমিগ্রেশন শেষ করতে করতে পার হয়ে যাবে মধ্যরাত। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব। সেখানে তিনি সঙ্গ দেন সন্তান সম্ভবা স্ত্রীর। পরে, সাকিব হলেন দ্বিতীয় কন্যার বাবা।
এর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটবে মাসদুয়েক পর। তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আবারো অনুশীলন শুরু করবেন তিনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরপরই যেন তিনি মাঠে ফিরতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন, সে লক্ষ্যে এখন থেকেই অনুশীলন শুরু করে দেবেন সাকিব। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে তিনি অনুশীলন করবেন বিকেএসপিতে।