ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ AM
 ইরানের জ্বালানিমন্ত্রী

ইরানের জ্বালানিমন্ত্রী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা এবং তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানিয়েছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান মহসেন পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য হামিদ বোভার্দকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে মহসেন পাকনেজাদের পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সরকার-নিয়ন্ত্রিত ইরানের তেল উত্তোলন ও বিপণন খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনআইওসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন হামিদ বোভার্দ। এখন তিনিই সাময়িকভাবে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ইরানের জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মহসেন পাকনেজাদ। তেল রপ্তানিকারক দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরানের তেল মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণী পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং তেল রপ্তানির ওপর সম্ভাব্য ঝুঁকির মধ্যে তাকে পদ ছাড়তে হলো।

তবে তার পদত্যাগের ঘটনায় আরও প্রশ্ন তৈরি হয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানেই। কারণ, পদত্যাগের আনুষ্ঠানিক খবর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বিশেষ বক্তব্যে তেল বিক্রি নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন পাকনেজাদ।

ওই বক্তব্যে তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাধা ও অবরোধের মধ্যেও তেল বিক্রির অর্থ যথাসময়ে ইরানের অর্থনীতিতে আসছে এবং ভবিষ্যতেও আসবে।

ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে এবং তিনি কেন পদত্যাগ করেছেন—এ নিয়ে এখনো তেহরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন অবরোধ, ক্রমাগত সরবরাহে বিঘ্ন এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে এই আকস্মিক রদবদল হয়ে থাকতে পারে।

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬