লিওনেল মেসি বার্সেলোনা ক্লাব ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে নানা রকম জটলা তৈরি হয়েছে। একদিকে তিনি দল ছাড়ছেন কি না এটি আদৌ চূড়ান্ত হবে কিনা তা নিয়েই রয়েছে দোলাচল। অন্যদিকে তাকে দলে পেতে মরিয়া হয়ে আছে বেশ কিছু ক্লাব আগ্রহী বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তালিকায় এগিয়ে রাখা হচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। তবে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) হতে পারে মেসির পরবর্তী ঠিকানা। তাকে ফরাসি ক্লাবটিতে ভেড়ানোর জন্য মাঠে নেমেছেন স্বয়ং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সেইসঙ্গে তিনি নিজেও মেসির সঙ্গে ফোনে কথা বলেছেন।
আজ শুক্রবার আমেরিকান গণমাধ্যম ইএসপিএন তাদের এক প্রতিবেদনে বলেছে, আগের দিন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারের মধ্যে হয়েছে ফোনালাপ। আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির পিএসজিতে নাম লেখানোর সম্ভাবনা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন নেইমার। শুধু তা-ই নয়। পিএসজি মিডফিল্ডার ও জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল দি মারিয়ার সঙ্গেও কথা হয়েছে মেসির।
তারা আরও জানিয়েছে, মেসির বার্সা ছাড়তে চাওয়ার পর থেকে কাতারের মালিকানাধীন ক্লাবটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে গোটা পরিস্থিতি। তবে স্প্যানিশ দলটিকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি তারা। পিএসজি যোগাযোগ করেনি মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গেও।
এদিকে কাতালান ক্লাব বার্সেলোনায় চার মৌসুম খেলেছেন নেইমার। এ সময় মেসির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও সম্পর্ক নষ্ট হয়নি। বরং নেইমারকে বার্সায় ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে বারবার চাপ দিয়ে গেছেন মেসি। তার বার্সা ছাড়ার পেছনে নেইমারকে না আনাও একটা বড় কারণ। এবার মেসি যখন বার্সেলোনা ছেড়ে দিয়েছেন, তখন তাকে পিএসজিতে আনার জন্য কাতারি মালিক নাসের আল খেলাইফিকে নাকি প্রস্তাব দিয়েছেন নেইমার।
তবে মেসিকে দলে টানা বেশ কঠিনই হবে পিএসজির পক্ষে। কারণ, মেসি থাকতে না চাইলেও তাকে ছাড়তে রাজি নয় বার্সেলোনা। ফলে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরোর পুরোটা পরিশোধ করতে হতে পারে পিএসজিকে। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে উয়েফার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি।
তবে বার্সার সঙ্গে চুক্তির বিশেষ ধারা সক্রিয় করে যদি মেসি বিনা ফিতে ক্লাব ছাড়তে পারেন, তাহলে ফের মেসি-নেইমারকে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না!