ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর ঠিক পরই সালমন খান বিরুদ্ধেও মামলা দায়ের করার পর সালমান খান পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এই ক্ষোভ এবার ফেসবুক পোস্টের মাধ্যমে নিয়ে গেলেন ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। তিনি মনে করেন, সালমান খানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া উচিত।
তার অভিযোগ, ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার জন্য সালমান খানের দিকে অভিযোগের আঙুল তোলায় তাকে নির্মমভাবে ট্রোল করা হচ্ছে। তার দাবি, মনে হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানে থাকা সালমানের ট্রোল আর্মি নেমে পড়েছে এ কাজে।
অভিনব কাশ্যপ ফেসবুকে স্ট্যাটাসে বলেন, সত্যি কথা বলায় সালমানের হয়ে ট্রোলরা নোংরা ভাষায় গালাগালি করছে তাকে। এতেই বোঝা যাচ্ছে, কী ধরনের লোকরা খানদের পছন্দ করে। সরকারের উচিত, খানেদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের পাকিস্তান, বাংলাদেশে চালান করে দেয়া। তাদের পূর্বপুরুষদের বোধহয় দেশভাগের সময় পাকিস্তান যাওয়ার মত যথেষ্ট টাকা ছিল না। তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, #বয়কটসালমানখান #মিটু #তদন্ত #আত্মসমীক্ষা।
আর একটি পোস্টে দাবাং পরিচালকের অভিযোগ, তার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা চলছে। তার প্রশ্ন, খানেরা এত ঘাবড়ে গিয়েছে কেন? কী লুকোচ্ছে ওরা? কেন এভাবে আমার মুখ বন্ধের চেষ্টা করছে?
এদিকে সালমান কিছু না বললেও তার বাবা সেলিম খান জবাবে বলেছেন, হ্যাঁ, আমরাই তো সব শেষ করে দিয়েছি। আগে অভিনবের সিনেমা দেখুন, তারপর কথা বলব। নিজের বিবৃতিতে ও আমার নাম করেছে, বোধহয় ও আমার বাবার নাম জানে না। তার নাম ছিল রশিদ খান। আমার পূর্বপুরুষের নামও ওর বলা উচিত। ওর যা ইচ্ছে বলুক, আমি তার পিছনে সময় নষ্ট করব না।