ভারতের বিহার রাজ্যে সরকার পরিচালিত একটি কোয়ারেন্টিন সেন্টারে পানি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সেন্টারটিতে অবস্থান করা দেড় শতাধিক মানুষ কোনো ধরনের সামাজিক দূরত্বের পরোয়া না করেই পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়ার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় ৬ মিনিটের। ভিডিওতে দেখা যায়, একটি পানির ট্যাঙ্কার আসার পরেই ধাক্কাধাক্কি, হাতাহাতি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। লোকজনের হাতে ধরা মগ, বালতি।
ভিডিওটি রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের ফুলহারা শহরের সামাস্তিপুর জেলার একটি পঞ্চায়েত পরিচালিত কোয়ারেন্টিন সেন্টারের। এখানে একটি বিদ্যালয়কে কোয়ারেন্টিন ও আইসোলেশন সেন্টারে পরিণত করা হয়েছে।
বিহারে হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছে। সরকার পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক কোয়ারেন্টিন ও আইসোলেশন সেন্টার পরিচালনা করছে। প্রায় সাড়ে তিন লাখ মানুষকে এসব সেন্টারে রাখা হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে।
তবে এসব সেন্টারে থাকা একাধিকজন অপরিচ্ছন্নতা ও খাদ্যের মান নিয়ে অভিযোগ করেছেন। গত মাসে ৭০ বছর বয়সী এক করোনা রোগী পুনের একটি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে ১৭ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরেছেন। তার অভিযোগ, ওই কোয়ারেন্টিন সেন্টারে রোগীদের খাবার দেয়া হয় না এবং পানি ও পরিচ্ছন্ন ওয়াশরুমের মতো মৌলিক কিছু জিনিসেরও অভাব।
দেখুন ভিডিও...