করোনাভাইরাসের কারণে আরোপ করা বিধিনিষেধ শিথিল করার তিনদিনের মধ্যেই জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। এমন অবস্থায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।
জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরা এখন গড়ে একের বেশিজনকে সংক্রমিত করছেন। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট-আরকেআই শনিবার জানিয়েছেন, সংক্রমণের হার এক দশমিক একে পৌঁছেছে। বুধবার পর্যন্ত এই হার ছিল মাত্র শূন্য দশমিক ছয়-পাঁচ৷
জার্মানির সরকারের লক্ষ্য ছিল এটি একের নিচে রাখা। অর্থাৎ আক্রান্তরা যেন গড়ে একজনেরও কম মানুষকে করোনাভাইরাসে সংক্রমিত করেন। যাতে স্বাস্থ্য সেবার উপরে মাত্রাতিরিক্ত চাপ না পড়ে। খবর: ডয়েচে ভেলে।
এর আগে এপ্রিলের মাঝামাঝিতে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সংক্রমণের হারের বিপরীতে দেশটির স্বাস্থ্যসেবার সক্ষমতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এই হার যদি এক দশমিক এক হয় তাহলে বিদ্যমান স্বাস্থ্য সেবার সক্ষমতার সবটা ব্যবহারে অক্টোবর পর্যন্ত সময় পাওয়া যাবে।
এটি যদি ২০ ভাগ বেড়ে এক দশমিক দুই হয় তাহলে জুলাইতেই স্বাস্থ্যসেবার সবটুকু সক্ষমতা ব্যবহার করতে হবে। সংক্রমণের হার এক দশমিক তিন হলে সেটি আরো এগিয়ে জুনে চলে আসবে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বুধবার ম্যার্কেল নিয়ম কানুনগুলো শিথিলের ঘোষণা দেন।
তবে শনিবার সংক্রমণের নতুন হারের কথা জানিয়ে সামনের দিনগুলোকে আরো সতর্ক পর্যবেক্ষণে রাখতে বলেছে আরকেআই। তাদের হিসাবে শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৫৫১ জনে। মারা গেছেন সাত হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৩০০ জন।
আরকেআই এর দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন ১৯ হাজার ৭৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ইনটেনসিভ কেয়ার বা নিবিড় পরিচর্যায় রয়েছেন এক হাজার ৬৫০ জন। এক হাজার ২২৬টি ক্লিনিকে আরো বারো হাজার ৯৬টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।