ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত আরও অনেকে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।