ব্রোঞ্জের পর এবার রুপা জিতলেন বাংলাদেশের সামিউল

০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের সামিউল

১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের সামিউল © সংগৃহীত

থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকালের তুলনায় আজ আরও ভালো করেছেন সামিউল ইসলাম। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জয়ের পর ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

এই পদক জিততে ২৭ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এটিই তার ক্যারিয়ার–সেরা টাইমিং। এর আগে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৭ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়েছিলেন সামিউল। এই ইভেন্টে ২৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন থাইল্যান্ডের সাঁতারু তোনাম। এ ছাড়া ২৭ দশমিক ২০ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জেতেন তুর্কমিনিস্তানের গুরবান।

শনিবার (৫ এপ্রিল) ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ার–সেরা টাইমিং করেন সামিউল। ৫৮ দশমিক ৯০ সেকেন্ড সময় লেগেছিল তার। এ ছাড়া সোনা জেতা থাই সাঁতারু ৫৬ দশমিক ৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ছিল ৫৭ দশমিক ৮৪ সেকেন্ড।

বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন সামিউল। সেখানেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। চলতি মাসেই মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তরুণ এই সাঁতারু।

মালয়েশিয়ায় সোনা জিততে চান সামিউল। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।

গেল বছর এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল। এবারের লক্ষ্য নিয়ে তিনি জানিয়েছেন, ‘টাইমিংয়ে কিছুটা উন্নতি করতে পেরে ভালো লাগছে। আসলে থাই চ্যাম্পিয়নশিপের জন্য আমি আলাদাভাবে কোনো প্রস্তুতি নিইনি। আমার লক্ষ্য মালয়েশিয়ায় সোনা জেতা। বলতে পারেন, সেই টুর্নামেন্টের আগে এটা একটা প্রস্তুতি। তবে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেই ভালো লাগছে।’

মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেস…
  • ২৭ জুলাই ২০২৬
বাঁচানো গেল না ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে
  • ২৭ জুলাই ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬