ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ PM
এম এ মতিন

এম এ মতিন © টিডিসি সম্পাদিত

সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক ও সামাজিক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী চরিত্র এবং শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে একে ‘মাদ্রাসা’ বা ‘অমানুষ তৈরির কারখানা’ হিসেবে অভিহিত করার একটি নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল এবং বিএনপির সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী ফজলুর রহমানের কিছু সাম্প্রতিক বক্তব্য বা সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই বিতর্কটি নতুন মাত্রা পেয়েছে।

তাদের এই ক্ষোভ ও সমালোচনার পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত পরিবর্তন, ছাত্র-শিক্ষক রাজনীতির অবক্ষয় এবং ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বলা কেবল একটি ঐতিহাসিক অসত্যই নয়, বরং এই প্রতিষ্ঠানের কাঠামোগত বাস্তবতার সঙ্গেও সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রমের বৈচিত্র্য, শিক্ষার্থীদের মান, ভর্তি পরীক্ষার সমীকরণ, শিক্ষক ও ছাত্র রাজনীতি এবং সামগ্রিক ধর্মনিরপেক্ষ চরিত্রের চুলচেরা বিশ্লেষণপূর্বক একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক বিবরণ উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

২.  বিতর্কের প্রেক্ষাপট এবং সমালোচকবৃন্দের দৃষ্টিভঙ্গি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় যাত্রার পর সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির পরিবেশ ও গুণগত পরিবর্তন নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

  • অধ্যাপক ড. মেসবাহ কামালের দৃষ্টিভঙ্গি: ইতিহাস বিভাগের এই প্রবীণ অধ্যাপক বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ, গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষয়িষ্ণুতা এবং শিক্ষার মান হ্রাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে যখন শিক্ষাবিদ বা সমাজচিন্তকেরা বিশ্ববিদ্যালয়কে "মাদ্রাসা" সদৃশ সংকীর্ণতার দিকে ধাবিত হওয়ার রূপক ব্যবহার করেন, তখন তাঁরা মূলত ক্যাম্পাসে মুক্তবুদ্ধির চর্চার সংকোচন এবং কোনো কোনো ক্ষেত্রে অনুদার আচরণের বিস্তারকে নির্দেশ করতে চান।
  • সাংসদ ফজলুর রহমানের বক্তব্য: অপরদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে অত্যন্ত কড়া ও আবেগপ্রবণ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে "সিনিয়র মাদ্রাসা" এবং "অমানুষদের জায়গা" হিসেবে অভিহিত করেন। তাঁর এই সমালোচনার মূল ভিত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বা বর্তমান ছাত্র-শিক্ষক রাজনীতির চরম অবক্ষয়, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা এবং নৈতিক স্খলন।
  • অন্যান্য চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের পরোক্ষ অবস্থান: এই বিতর্কের সমান্তরালে প্রখ্যাত বুদ্ধিজীবী ও লেখক আহমদ ছফা অতীতে তাঁর বিভিন্ন প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক মানদণ্ড এবং লেজুড়বৃত্তিক রাজনীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি সরাসরি "মাদ্রাসা" শব্দটি ব্যবহার না করলেও, বিশ্ববিদ্যালয়টি যেভাবে "মুক্তবুদ্ধিহীন" একমুখী সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছিল, তাকে চরম অবক্ষয় হিসেবে চিহ্নিত করেছিলেন। একইভাবে, ইংরেজি বিভাগের প্রবীণ অধ্যাপক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের "সাংস্কৃতিক পরিচয় সংকট" এবং প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের ম্লান রূপ নিয়ে কথা বলেছেন। যখনই কোনো ক্যাম্পাসে মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্ক পরিবেশ নিশ্চিত করা যায় না, তখন সমাজচিন্তকেরা রূপক অর্থে "মাদ্রাসাকরণ" বা ধর্মীয় প্রতিষ্ঠানের মতো কড়াকড়ির উদাহরণ টেনে আনেন।

৩. প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ভিন্নতা: বিশ্ববিদ্যালয় বনাম মাদ্রাসা

একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রশাসনিক পরিকাঠামো সম্পূর্ণ ভিন্ন ধারায় পরিচালিত হয়। এই দুই ব্যবস্থার মৌলিক পার্থক্যগুলো নিম্নরূপ:

  • আইনি ও পরিচালন কাঠামো: ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত 'দ্য ঢাকা ইউনিভার্সিটি  অ্যাক্ট, ১৯৭৩' অধ্যাদেশের অধীনে পরিচালিত হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব নীতি নির্ধারণ ও একাডেমিক স্বাধীনতায় সম্পূর্ণ মুক্ত। অপরদিকে, দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মূলত সরকারি নিয়ন্ত্রণাধীন ও নির্দিষ্ট ধর্মীয় বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, যার আইনি ভিত্তি হলো 'বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন' এবং উচ্চতর স্তরের জন্য 'ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন'। অপরদিকে রয়েছে কওমী ধারার মাদ্রাসা যেখান থেকে ‘দাওরা’ ডিগ্রি দেয়া হয়। ‘দাওরা’  ডিগ্রীকে এম এ ডিগ্রীর সমমান দেয়ার কথা বিগত সরকার ঘোষণা করলেও মূলত তা অকার্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের কোন সংশ্রব নেই। এ জাতীয় মাদ্রাসাগুলো কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘বেফাক’ এর অধীন পরিচালিত।
  • শিক্ষার মূল দর্শন ও উদ্দেশ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক দর্শন গড়ে উঠেছে লিবারেল আর্টস, বিশুদ্ধ ও ফলিত বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আধুনিক ব্যবসায় প্রশাসন এবং সর্বাধুনিক তত্ত্বের ওপর ভিত্তি করে। এখানে মুক্তবুদ্ধির চর্চা, যুক্তি, বিজ্ঞানমনস্কতা এবং গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এর বিপরীতে, মাদ্রাসা শিক্ষার মূল দর্শন ও উদ্দেশ্য হলো ঐশ্বী জ্ঞান অর্জন, ইসলামি ধর্মতত্ত্ব, শরিয়াহ আইন এবং ইসলামি জীবন ও অনুশাসনের চর্চা ও প্রচার করা। তবে আলীয়া মাদ্রাসা প্রদত্ত দাখিল, আলিম ও ফাজিল ডিগ্রি যথাক্রমে এস এস সি, এইচ এস সি এবং স্নাতক ডিগ্রীর সমমান। দাখিল ও আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল ডিগ্রি আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয়।
  • ভর্তির যোগ্যতা ও প্রবেশাধিকার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ধর্মীয়  বর্ণগত বা লিঙ্গভিত্তিক বাধা নেই। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে দেশ-বিদেশের যেকোনো শিক্ষার্থী তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে এখানে অধ্যয়নের সুযোগ পান। এটি একটি সম্পূর্ণ উন্মুক্ত ও সর্বজনীন প্রাঙ্গণ। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম ও ধর্মীয় কাঠামোর কারণে এর ভর্তি প্রক্রিয়া মূলত মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্যই নির্দিষ্ট ও সীমাবদ্ধ থাকে।
  • অনুষদ ও বিভাগের বৈচিত্র্য: একাডেমিক ব্যাপ্তির দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশাল বৈশ্বিক ক্যানভাস। বর্তমানে এখানে ১৩টি সুবিশাল অনুষদের অধীনে ৮৩টিরও বেশি আধুনিক, বৈজ্ঞানিক ও মননশীল বিভাগ রয়েছে, যেখানে চারুকলা থেকে শুরু করে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়ানো হয়। পক্ষান্তরে, মাদ্রাসা শিক্ষার উচ্চতর স্তরের বিভাগ ও বিষয়গুলো প্রধানত আল-কুরআন, আল-হাদিস, ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) এবং আরবি সাহিত্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। আর আলীয়া মাদ্রাসার দাখিল, আলিম ও ফাজিল শিক্ষাক্রমে ধর্মীয় বিষয়াবলীর অতিরিক্ত স্কুল ও কলেজের সমমানের ইংরেজি, বিজ্ঞান ও বাণিজ্যের বিষয়াবলী পড়ানো হয়। যার ভিত্তিতে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে।

৪. ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের সাফল্য ও  এতে তৈরি হওয়া বিভ্রান্তি

অধ্যাপক মেসবাহ কামাল বা সাংসদ ফজলুর রহমানের মতো সমালোচকদের ক্ষোভ এবং সাধারণ মহলের বিভ্রান্তির আর একটি বড় কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের (আলিম) শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় নিয়মিত মেধা তালিকার শীর্ষ স্থানগুলোতে (১ম, ২য় সহ প্রথম ১০০ জনের মধ্যে) স্থান করে নিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় (যেখানে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগও বিদ্যমান) আরবি ও ইংরেজি ভাষার ওপর জোরালো দখল এবং সাধারণ জ্ঞানের বিস্তৃত সিলেবাস থাকে। ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি (বিশেষ করে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান) মাদ্রাসা শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের প্রস্তুতির সাথে দারুণভাবে মিলে যায়। অন্যদিকে, মূলধারার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) কলেজগুলোর একটি বড় অংশের শিক্ষার্থীরা মুখস্থনির্ভরতা এবং সৃজনশীল পদ্ধতির দুর্বল প্রয়োগের কারণে ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয় (যা প্রায়ই ৮০% থেকে ৯০% পর্যন্ত পৌঁছায়)। এই বিপুল পাসের বৈষম্য দেখে অনেকেই ভুলবশত মনে করেন মাদ্রাসা পাশ ছাত্ররা ঢাবি’তে বেশী ভর্তি হচ্ছে আর এই  ক্ষোভ থেকে তারা ঢাবিকে একটি উচ্চতর "মাদ্রাসা" বলে খোঁচা দেন।

তবে মাদ্রাসা শিক্ষার্থীদের এই ব্যক্তিগত মেধাগত সাফল্যকে হিংসা করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে "মাদ্রাসা" বলে আখ্যায়িত করা একটি আদর্শিক ও যৌক্তিক বিভ্রান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরাজী, আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতির মতো বিষয়ে যখন কোনো মাদ্রাসা পাশ ছাত্র প্রথম হয়, তখন সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আধুনিক ও ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম অনুসারেই শিক্ষা গ্রহণ করে। মাদ্রাসা থেকে এসেও তারা আধুনিক বিজ্ঞান, বাণিজ্য ও কলাবিদ্যার সর্বোচ্চ জ্ঞান আহরণ করছে। অতএব, ভর্তি পরীক্ষায় তাদের এই সাফল্য প্রমাণ করে যে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রম প্রশংসনীয়, কিন্তু এর অর্থ এই নয় যে বিশ্ববিদ্যালয়টি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। সমালোচনা করা উচিত ছিল আমাদের সরকারি ও এম পি ও ভুক্ত কলেজগুলোর যাদের শিক্ষাদানের মান ক্রমাগত খারাপ হতে চলেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খারাপ ফল করে চলেছে। অনুসন্ধান করা উচিত ছিল মাদ্রাসায় দাখিল এবং আলিম পর্যায়ে অর্থাৎ এস এস সি ও এইচ এস সি পর্যায়ে কীভাবে পাঠদান করা হয় যে সেখানকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্রমাগত ভালো ফলাফল করে যাচ্ছে। এই অবস্থা আমাদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯১৭-১৯ সালের অনুরূপ ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত তখনকার মেট্রিকুলেশন ও এন্ট্রান্স পরীক্ষা পাশ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং নিয়মিত পাঠক্রমে ভালো না করার   উপর্যুপরি ঘটনায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অপ্রস্তুত হন এবং এর কারণ নির্ণয়ের জন্যে তদানীন্তন সরকার  খ্যাতনামা ব্রিটিশ শিক্ষাবিদ স্যার মাইকেল আর্নেষ্ট স্যাডলার (১৮৬১ – ১৯৪৩) কে সভাপতি করে স্যাডলার কমিশন গঠন করেন।  স্যাডলার দেখতে পান যে, বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোর পাঠদানের মান নিন্মমুখী। ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে দক্ষতা কম, যোগাযোগ দক্ষতাও নিন্মমুখী। যার ফলে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তারা  আশানুরূপ ফলাফল করতে পাচ্ছে না। এ বিষয়ে কলেজগুলোকে পাঠদানে আরও যত্নশীল হওয়ার জন্যে স্যাডলার কমিশন সুপারিশ প্রদান করে। ঢাবি’র ক্ষেত্রেও তাই হওয়া দরকার ছিল। কিন্তু তা না করে একে ‘মাদ্রাসা’ খেতাব দেয়া হচ্ছে যা মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার শামিল বলে অনেকে মনে করেন।

৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান শিক্ষা ব্যবস্থা: বিশ্বজনীনতা ও বিজ্ঞানমনস্কতা

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাত্রা শুরু করে, তখন থেকেই এটি ছিল একটি ধর্মনিরপেক্ষ ও আধুনিক জ্ঞানচর্চার কেন্দ্র। এটি কোনো একক ধর্মীয় শিক্ষার জন্য তৈরি হয়নি।

  • অতীতের গৌরবময় ভিত্তি: সত্যেন্দ্রনাথ বসু (কোয়ান্টাম মেকানিক্সের বিখ্যাত বিজ্ঞানী), রমেশচন্দ্র মজুমদার (ইতিহাসবিদ), হরপ্রসাদ শাস্ত্রীর মতো মনীষীদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল।
  • বর্তমান পাঠ্যক্রমের আধুনিকায়ন: বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ এবং ৮৩টিরও বেশি বিভাগ রয়েছে। এখানে শুধু আরবি বা ইসলামিক স্টাডিজ পড়ানো হয় না যা যেকোনো বিশ্বমানের আধুনিক বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যদেশীয় ভাষা বা ধর্মতত্ত্ব চর্চার অংশ হিসেবে থাকে।
  • বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামি শিক্ষা, আরবি ভাষা ও মুসলিম সভ্যতা নিয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার ব্যবস্থা রয়েছে। যেমন, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা, ইসলামি ইতিহাস ও ধর্মীয় অধ্যয়ন; কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রাচ্য অধ্যয়ন ও ধর্মতত্ত্ব; SOAS, লন্ডন বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা, আরবি ভাষা ও ইসলামি আইনশাস্ত্র; এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা, কোরআন অধ্যয়ন ও সুফিবাদ নিয়ে পড়াশোনা ও গবেষণা করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামি ধর্মতত্ত্ব, ইসলামি আইন ও ইতিহাস; ইয়েল বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা ও তুলনামূলক ধর্মতত্ত্ব; জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও ইসলামি শিক্ষা; প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রাচ্য অধ্যয়ন ও ধর্মীয় চিন্তাধারা; এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা ও মুসলিম সভ্যতা নিয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।  অর্থাৎ, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানচর্চায় অগ্রসর এসব বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে অবহেলা করেনি; বরং আধুনিক গবেষণাপদ্ধতির সঙ্গে সমন্বয় করে এসব বিষয়কে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ শাখা হিসেবে স্থান দিয়েছে। কিন্তু ওখানকার সমালোচকেরা ওগুলোকে মাদ্রাসা বলে উপহাস করে না।

  • বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট বা ‘ক’ ইউনিটের অধীনে অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী বিষয়সমূহ পড়ানো হয়। যেমন:

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE)

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (IIT)

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং

রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি

অণুজীব বিজ্ঞান (Microbiology) এবং ফার্মেসি

একটি মাদ্রাসায় কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসায় প্রশাসন (IBA) কিংবা চারুকলার মতো বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়? উত্তর হলো—না। অতএব, মাত্র দুটি বিভাগের (আরবি ও ইসলামিক স্টাডিজ) অস্তিত্বের কারণে পুরো বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বলা চরম অজ্ঞতার পরিচয়।

৬. ছাত্র ও শিক্ষক রাজনীতি: ধর্মনিরপেক্ষতার রক্ষাকবচ নাকি অবক্ষয়ের চিত্র?

ফজলুর রহমানের মতো রাজনীতিকেরা যখন ক্ষোভ প্রকাশ করেন, তখন তাঁদের মূল নিশানা থাকে বিশ্ববিদ্যালয়ের লেজুড়বৃত্তিক রাজনীতি ও হলগুলোর ভেতরের অগণতান্ত্রিক পরিবেশ। তবে এই নেতিবাচক রাজনীতিও প্রমাণ করে যে এটি কোনো মাদ্রাসা নয়।

ধর্মনিরপেক্ষ ছাত্র রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাস সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং প্রগতিশীলতার সমার্থক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক গণজাগরণের নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মাদ্রাসার ছাত্র সংগঠনগুলোর ধর্মীয় এজেন্ডার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কোনো আদর্শিক মিল নেই।

শিক্ষক রাজনীতি ও ১৯৭৩ সালের অধ্যাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা 'নীল', 'সাদা' বা 'গোলাপী' দলের রাজনীতি করেন, যা সম্পূর্ণ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতাদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালের স্বায়ত্তশাসন অধ্যাদেশের কারণে শিক্ষকেরা যে মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেন, তা কোনো মাদ্রাসার প্রশাসনিক কাঠামোর কল্পনাতীত।

৭. সাংস্কৃতিক বহুত্ববাদ ও ক্যাম্পাসের জীবনযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সৌন্দর্য এর সাংস্কৃতিক বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষ আবহ।

  • পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা (যা ইউনেস্কো কর্তৃক বৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত) চারুকলা অনুষদ থেকে শুরু হয়।
  • বসন্ত উৎসব, ছায়ানটের বর্ষবরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আল্পনা অঙ্কন এবং নিয়মিত থিয়েটার ও নাট্যোৎসব এই ক্যাম্পাসের নিত্যদিনের অংশ।
  • ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, টিএসসি (TSC) এবং হাকিম চত্বর মুক্তবুদ্ধি, আড্ডা এবং প্রগতিশীল চিন্তার সূতিকাগার। কোনো মাদ্রাসায় ছেলে-মেয়েদের সহশিক্ষা, একসঙ্গে সাংস্কৃতিক চর্চা বা মুক্তচিন্তার এমন অবারিত সুযোগ থাকে না।

৮. উপসংহার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে "মাদ্রাসা" বলা কেবল একটি রাজনৈতিক সস্তা উক্তি, ক্ষোভ বা রূপক প্রকাশের মাধ্যম মাত্র। প্রাতিষ্ঠানিক মানদণ্ড, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির পাঠ্যক্রম, বিশ্বমানের গবেষণা, ভর্তি পরীক্ষায় উন্মুক্ত প্রতিযোগিতা, ধর্মনিরপেক্ষ ছাত্র-শিক্ষক রাজনীতি এবং বহুত্ববাদী সাংস্কৃতিক পরিমণ্ডল প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, প্রগতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়। দুই-চারজন ব্যক্তির ক্ষোভ, কলেজ শিক্ষার পাসের হারের ব্যর্থতা বা রাজনৈতিক রূপক ব্যবহারের কারণে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ ও আধুনিক পরিচয় কখনো ম্লান হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মুক্তবুদ্ধি ও আধুনিক জ্ঞানচর্চার প্রধান বাতিঘর হিসেবেই টিকে থাকবে।

লেখক: উপদেষ্টা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রাক্তন পরিচালক, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
  • ০৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950