এনটিআরসিএ © ফাইল ফটো
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষে ৯ম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মৌখিক পরীক্ষা শেষে ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশের কথা রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নাকি ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ—কোনিট আগে হবে তা নিয়ে।
শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রগুলো জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০ এর অধিক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, জানাল মাউশি
সূত্রের তথ্য বলছে, ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের সুপারিশের বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। কেননা ৯ম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে সরসরি নিয়োগ সুপারিশ করা হবে। এ জন্য সুপারিশবঞ্চিতদের সুপারিশ আগে করতে হবে। এরপর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিদের বিষয়টি আগে সমাধানের পরিকল্পনা রয়েছে। এরপর ৯ম বা ১৯তম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা শেষ হওয়ার পরপরই ১৮তমদের সুপারিশের কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিনিয়র সচিব প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের পরীক্ষা শেষে তাদের নিয়োগের ব্যবস্থা করতে এনটিআরসিএকে মৌখিকভাবে জানিয়েছেন। ফলে ১৮তমদের নিয়োগ কার্যক্রমই আগে সম্পন্ন হবে বলে মনে হচ্ছে।’