তালাবদ্ধ শিক্ষার্থীরা © সংগৃহীত
স্কুলে শিক্ষার্থীদের তালাবদ্ধ করে দাওয়াত খেতে গিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। এর ফলে দীর্ঘ চার ঘণ্টা ধরে শ্রেণিকক্ষে অবরুদ্ধ ছিল শিক্ষার্থীরা। পরে চিৎকার ও কান্নাকাটি শুনে তালা ভেঙে তাদের উদ্ধার করে এলাকাবাসী।
শনিবার (২১ মে) দুপুর ১২টার নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা ৭৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ভবনে আটকে রেখে শিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাওয়াত খেতে চলে যান সকল শিক্ষক। দীর্ঘ ৫ ঘণ্টা পার হলেও শিক্ষকরা ফিরে না এলে আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি শুরু করে অবরুদ্ধ শিক্ষার্থীরা। পরে এলাকাবাসী ও অভিভাবকেরা স্কুলের গেটের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, আমাদের এভাবে যাওয়া উচিত হয়নি। আমি শিক্ষার্থীদের তালাবদ্ধ রেখে যেতে চাইনি। সকল শিক্ষক আমাকে অনেকটা জোর করে নিয়ে গেছে। আমি সব শিক্ষার্থীদের অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছি।
এ বিষয়ে স্কুলের সভাপতি এনামুল হক বলেন, শিক্ষকদের শাস্তি হওয়া দরকার।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এইমাত্র শুনলাম। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।