মামুনুল হক © সংগৃহীত
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে একটি রিসোর্টে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর ছড়িয়েছে, সেখানে তিনি এক নারীসহ স্থানীয়দের হাতে ‘আটক’ হয়েছেন। যদিও ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।
তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে বলেছেন, হেফাজত নেতা মামুনুল হককে আটক কিংবা গ্রেফতার কোনোটিই করা হয়নি। স্থানীয়রা তাকে ঘিরে ফেলায় পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে।
এর আগে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে আটক করে স্থানীয়রা। এদিকে মামুনুল হককে রিসোর্টে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি তাকে এক নারীর সাথে রিসোর্টে আসার কারণ জিজ্ঞেস করছেন।
এ সময় মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। কত বছর বিয়ে হয়েছে এই প্রশ্নে মামুনুল হক বলেন, তাদের ২ বছর বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম আমেনা তৈয়েবা। তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন বলে তিনি দাবি করেন। মানুষের ক্ষোভের মুখে তিনি আরো বলেন, অল্লার কসম আমি সঠিক নিয়মে তাকে বিয়ে করেছি।