সংঘর্ষের মুহূর্ত © সংগৃহীত
নারায়নগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের শিমরাইল, সানারপাড়, সাইনবোর্ড এলাকাসহ বেশ কয়েকটি এই সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়লে দুজন আহত হন। সংঘর্ষ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ-বিজিবি এসে সেখান থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে দিয়ে আগুন নেভালে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের উপস্থিতি বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।