প্রতীকী ছবি © ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা রাখার অভিযোগে দায়ের করা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ -এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এরআগে গত ১১মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের যুক্তি উপস্থাপন ও শুনানী শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
মামলার ১৪ আসামির মধ্যে মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক হোসেন, আবদুল ওয়াদুদ মোল্লা, সারোয়ার হোসেন মোল্লা, মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম ও আনিসুল ইসলাম কারাগারে রয়েছেন।
পলাতক রয়েছেন আজিজুল হক, লোকমান, ইউসুফ শেখ মো. এনামুল হক, মোছাহেব হাসান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালের ২১ শে জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। সেখানে পরেরদিন শেখ হাসিনার সমাবেশ হওয়ার কথা ছিল।
এ ঘটনায় কোটালপিাড়া থানার এসআই নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন। এরপর ২০০১ সালের নভেম্বর মাসে সিআইডর সাবেক এএসপি আব্দুল কাহার আকন্দ মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২০০৪ সালের ২১ নভেম্বর আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার চলাকালে বিভিন্ন সময়ে মোট ৫০ জন আসামীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আবদুল হান্নান এই মামলায় মূল আসামি ছিলেন। কিন্তু অন্য মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলার রায়ে তার নাম বাদ দেয়া হয়েছে।