দেশে করোনাভাইরাস সংক্রমণের ১০৩ তম দিন আজ বৃহস্পতিবার। আর এই দিনে দেশে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়াল। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ২ হাজার ২৯২ জনের। মৃত্যু ১ হাজার ৩৪৩ জনের।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী।
এর আগে মঙ্গলবার দেশে ৪ হাজার ৮ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৩ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ জনের পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৭ হাজার ৫২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ অনলাইন ব্রিফিংয়ের শুরুতে বলেন, আপনারা জানান আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। হাসপাতালেও ভর্তি ছিলাম। আপনাদের দোয়ায় কয়েকদিন হলো সুস্থ হয়ে অফিসে যোগ দিয়েছি।