করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছে। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাঁকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় সময়ে সরকারি কর্মচারী হিসেবে যেকোনও নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।