করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষায় ভুটানের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রবীণ নাগরিকদের কোভিড -১৯ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ দুটি ওষুধের চালান পাঠানো হয়।
ওষুধ সামগ্রীর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মার ১০ লাখ ইউনিট মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ড ও স্কয়ার ফার্মার পাঁচ লাখ ইউনিট ভিটামিন সি সিভিট। জরুরি সহায়তার প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। এটি লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হয়ে থিম্পু পৌঁছাবে। দ্বিতীয় চালানটি আগামী রবিবার আগামী রবিবার বুড়িমারী সীমান্তে পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগেও বাংলাদেশ ভুটানে হ্যান্ড সেনিটাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর একটি চালান পাঠিয়েছে। গতকাল বুধবার জরুরি সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।