নৌবাহিনীর জাহাজ © সংগৃহীত
করোনা সঙ্কট মোকাবিলায় প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতিবন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সহযোগীতার অংশ হিসেবে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ওষুধসহ প্রায় ৮৫ টন খাদ্যসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনীর একটি জাহাজ।
বুধবার দুপুরে জাহাজটি এ সকল সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনসরূপ প্রয়োজনীয় এসব সহায়তা দেশটিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগে ও বাংলাদেশ এগিয়ে এসেছিল। গত ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্লান্টে অগ্নি কান্ডের ঘটনায় পানি সংকট মোকাবেলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল।
সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেয়া হয়েছিল। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এধরনের সহযোগিতা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
এবারের জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসানের উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের নিকট বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। জরুরি এ সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা যায়।