হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী © ফাইল ফটো
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী মারা গেছেন- এমন একটি গুজব ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে- প্রখ্যাত এই আলেম আজ বিকেলে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেছেন।
তবে ইসলামি ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী আগের চেয়ে ভালো আছেন। তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসার আরেকজন ছাত্রও।
গুজব ছড়িয়ে পড়ার বিষয়ে মুফতি ফয়জুল্লাহ বলেন, এ ধরনের গুজব আমরাও শুনেছি। শুধু এতটুকুই বলব, আল্লামা শফী আগের চেয়ে ভালো আছেন, কেউ গুজবে কান দেবেন না। সবাই উনার জন্য দোয়া করবেন।
গত শনিবার (১১ এপ্রিল) বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।