© টিডিসি ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলকে সতর্ক থাকতে হবে। কারণ কে কখন সংক্রমিত হবে বলা যায় না। বিশেষ করে বয়স্কদের জন্য মারাত্মক। এই ভাইরাসের কারণে সারাবিশ্ব স্থবির। আমরা দেশবাসীকে বাঁচানোর জন্যই সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন। এজন্য কষ্ট হচ্ছে সকলের, তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
আজ রোববার করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালগুলো সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। সব পর্যায়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। বিমান ও স্থল বন্দরে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে, কোয়ারেন্টিন করা হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে।
এসময় করোনা সংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া সবাইকে মাস্ক ব্যবহার করার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এতে সবাই সুরক্ষিত থাকবেন। হাচি, কাশির সময় বিশেষ সতর্ক থাকতে হবে। এসময় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তারা যুক্ত হন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং ফেসবুক পেজে এ কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২১টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।