© ফাইল ফটো
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিল মওকুফের একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ ধরণের তথ্য সম্পূর্ণ গুজব বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচীব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজব টি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।
এতে বলা হয়েছে, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।