করোনা ঠেকাতে বাংলাদেশকে ‘১০ কোটি ডলার’ দিচ্ছে বিশ্বব্যাংক

১৬ মার্চ ২০২০, ০৭:৩৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব ব্যাংক গ্রুপের ঘোষিত ১ হাজার ২০০ কোটি ডলারের বৈশ্বিক সহযোগিতার প্যাকেজ থেকে ১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার সন্ধ্যায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কাছে পাঠানো বিশ্বব্যাংকের সদর দপ্তরের এক চিঠিতে বাংলাদেশের জন্য ১০ কোটি ডলারের প্যাকেজের কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকার এই অর্থ ঋণ না অনুদান হিসেবে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সদস্য দেশগুলোর জন্য গত ৩ মার্চ প্রাথমিকভাবে ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলার সহযোগিতার ঘোষণা দেয় বিশ্বব্যাংক গ্রুপ।

আইডিএ, আইবিআরডি ও আইএফসির যৌথ যোগানের এই তহবিল কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে।

এই সহায়তা ঋণ না অনুদান হিসেবে আসবে চাইলে শাহাবুদ্দিন বলেন, এখনো তা জানানো হয়নি। তবে আমরা বিশ্বব্যাংক কর্তৃপক্ষের কাছে এটা অনুদান হিসেবে দেওয়ার জন্য অনুরোধ জানাব। ঋণ হিসেবে হলে পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে ২ শতাংশ সুদে পরিশোধ করতে হবে।

সম্প্রতি এডিবির এক সমীক্ষায় বলা হয়, নতুন করোনাভাইরাসের প্রভাব ছয় মাস দীর্ঘ হলে বাংলাদেশ ৩০০ কোটি ডলারের বেশি বা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ১ শতাংশ ক্ষতির মুখে পড়বে।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অর্থনীতিতে করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে ৫ হাজার কোটি ডলারের ঋণ সহায়তার প্যাকেজ ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাংক ও আইএমএফের পথ অনুসরণ করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকেও আর্থিক প্যাকেজের ঘোষণা আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬