অবসরের পর পুলিশ সদস্যদের পরিবারের দুই সদস্যকে আজীবন রেশন সুবিধা দেয়ার দাবি ছিল দীর্ঘ দিনের। সেই দাবি অবশেষে পূরণ হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত প্রস্তাবে সম্মতি প্রদান করেছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের যুগ্মসচিব আশরাফ উদ্দীন আহম্মদ খান স্বাক্ষরিত সম্মতিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গিয়েছেন বা যাবেন এমন পুলিশ সদস্যের পরিবার মাসে ২০ কেজি চাল পাবে। একই সঙ্গে, প্রতিমাসে আটা ২০ কেজি, ভোজ্যতেল সাড়ে ৪ কেজি এবং ডাল ২ কেজি রেশন হিসেবে পাবে। তবে পরিবারের সদস্য সংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশন সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলঙ্গ সন্তান আজীবন এ সুবিধা পাবেন।
এ বাবদ প্রয়োজনীয় ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য ভর্তুকি খাত থেকে মিটাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করতে হবে। আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।