© সংগৃহীত
দেশে কর্মসংস্থান না থাকার কারণেই বেকাররা বিদেশ পাড়ি জমাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি নেতা।
আফ্রিকা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ভিড়ে অনেক বাংলাদেশির উপস্থিতিকে দেশে কর্মসংস্থানের অভাবের নজির হিসেবে দেখিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশি তরুণরা-যুবকরা বেকারত্ব সহ্য করতে না পেরে, নিপীড়ন-নির্যাতন সহ্য করতে না পেরে তিউনিউশিয়ার উপকূলে সমুদ্রে ভাসছে। কেন বাংলাদেশ থেকে এই যুবকরা পালিয়ে যাচ্ছে? যারা আজকে উন্নয়নের কথা বলে, তারা কি উত্তর দিতে পারবে?
সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, যে দেশে গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, আইনের শাসন থাকবে না, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না, সেই দেশে ন্যায় বিচার হতে পারে না। দেশের এই অবস্থা বদলাতে ‘মুক্তির সংগ্রাম’ শুরু করা ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা। এজন্য খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের সব জায়গায় একটা অস্থিরতা বিরাজ করছে। একটি গোষ্ঠি বাংলাদেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে আছে। তাদের উদ্দেশ্য একদলীয় শাসন পুনঃপ্রবর্তন।
বাজেট নিয়ে বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, এই বাজেট থেকে জনগণ কিছু পাবে না। একই গোষ্ঠি আজকে ব্যবসা-বাণিজ্য করছে, একই গোষ্ঠি আজকে সারা দেশ পরিচালনা করছে। অতীতে একই গোষ্ঠি সব কিছুর দায়িত্বে ছিল না।
জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মজিবুর রহমান পরিচালনা করেন।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ন্যাশনাল পিপলস পার্টির নেতা অহিদুর রহমান, তাঁতী দলের বাহাউদ্দিন বাহার, কাজী মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, গোলাম মঞ্জুর বক্তব্য রাখেন।