আসন্ন ২০১৯ ইংল্যান্ডে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য গত ১৬ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধুমাত্র বামহাতের সমন্বয়ের জন্য ইমরুলকে বাদ রেখে লিটনের স্কোয়াডে অন্তর্ভুক্তিতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে তার জেলা মেহেরপুরের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে তারা ইমরুলকে দলে অন্তর্ভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে জেলার ক্রিকেট প্রেমীদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েক সিরিজের পরিসংখ্যানে ইমরুল কায়েসের ধারাবাহিক পার্মমেন্সের বিচার না করে ডান-বামহাতের সমন্বয় করা কর্তৃপক্ষের খাম খেয়ালি পনার শামিল। অথচ তামিমের যোগ্য উত্তরসূরি হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন ইমরুল।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইমরুল কায়েসকে দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। বিসিবিকে বাধ্য করা হবে, ইমরুলকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা নিয়ে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাহিদ ইকবাল শিমন, ক্রিকেটার সাইদুর রহমান উজ্জ্বল, মিলন হোসেন, মাসুদ রানা, আরিফুল ইসলাম ডলারসহ জেলার সর্বস্তরের মানুষ।