আদালতে বিচারককেই প্রশ্ন করলেন সাংবাদিক ফারজানা রূপা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
ফারজানা রুপা

ফারজানা রুপা © ফাইল ফটো

আদালতে দাঁড়িয়ে বিচারককে ‘হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে’ প্রশ্ন করেছেন একাত্তর টিভি সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার এক হত্যা মামলায় রিমান্ড শুনানিতে তিনি সরাসরি বিচারককে এ প্রশ্ন করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শুনানিকালে ফারজানা রূপাসহ আসামিদের আদালতে হাজির করা হয়। এর আগে মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যায় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

সেই আবেদনের শুনানির জন্য সোমবার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, তারা (ফারজানা রূপাসহ অন্যান্য আসামিরা) আন্দোলনের সময় উস্কানি দিয়েছেন। শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এরপর ফারজানা রুপা কিছু বলতে আদালতের কাছে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে তাহলে আমাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের? আমি এর বিচার চাই। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন আমি আপনার (বিচারক) কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।

এর উত্তরে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি (পিপি) ফারুকী বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছেন তারা অপরাধী। আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধী। তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল-ফারজানা তা করেছেন। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল, সেখানে তারা ছিলেন এবং তারা হাসিনাকে বলেছেন, গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। এ ধরনের বক্তব্য দিয়েছেন তারা। 

তখন বিচারক ফারজানা রুপাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রুপা আরও কয়েকজন আছেন। শ্যামল দত্তসহ তারা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছেন।

এরপর শাকিল কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করেন। পরে তাদের ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close