প্রতীকী ছবি © সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চুয়াডাঙ্গার এক কলেজ প্রভাষকের। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নিহত হন।
তিনি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১টার দিকে শাহজাহান আলী মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কোনো যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়নি। তিনি কোনোভাবে রাস্তায় পড়ে যায়, পরবর্তীতে দুর্ঘটনা ঘটে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’