© সংগৃহীত
নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৪০ হাজার টাকা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া জ-১১-০০৬১) নামের একটি বাস থেকে হেরোইন উদ্ধার করা হয়।
রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
এই বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ৫৬ বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।