ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দিন: গয়েশ্বর

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস। যদি সেই জনগণ ১৯৭১-এর যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাতে আমার কোনো আপত্তি নেই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ, যেন তারা সময়মতো নির্বাচন আয়োজন করেন, যাতে জনগণ রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। সময় মতো নির্বাচন দিলে জনগণ আপনাদের সম্মানের সঙ্গে গ্রহণ করবে। আপনারা দায়িত্ব পালন করুন, আর যদি পরিস্থিতি চরমে পৌঁছায়, তাহলে আমরা মাঠে নামলে কতটুকু সময় টিকবেন, সেটা একটু ভাবুন।

তিনি আরও বলেন, যদি এই সরকার গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আমাদের পক্ষে দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। এমন একটি দিন আসুক, তা আমরা চাই না, তবে এখন নির্বাচনের আয়োজন করুন।

গয়েশ্বর চন্দ্র রায় দেশটির রাজনীতির সংস্কার নিয়ে মন্তব্য করে বলেন, রাজনীতিবিদদের মধ্যে ইতিবাচক মনোভাব এবং সংস্কারের চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভুল করেছি, যার ফলে আজকের এই দুরবস্থা, সেটি শুধরে নিতে হবে। স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলি অনুসরণ করা দরকার, সেটিই সংস্কার।

তিনি দেশের বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বুদ্ধিমান লোকেরা রাজনীতিবিদদের মানুষ হিসেবে গণ্য করে না। আমাদের রাজনীতি করার কারণে তারা আমাদের মূর্খ মনে করে। তাই আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তাদের কথা সবাই মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু আমাদের কথা শুধু আনুষ্ঠানিকতা হিসেবে শোনা হয়।

তিনি আরও বলেন, আমরা ৩১ দফা দিয়ে রেখেছি। কমিশন যারা তৈরি করেছেন, তাদের পাঁচজনকে একসঙ্গে বসিয়ে আলোচনা করুন। সেখানে কী বাদ দিতে হবে বা যোগ করতে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এত বড় বড় কমিশন তৈরি করে হাজার হাজার পৃষ্ঠা পড়ার দরকার নেই।

সভায় আয়োজক সংগঠনের সভাপতি হানিফ বেপারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আল-ফাতাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ: জাতীয়
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬