বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপা, বাবার লাশের পাশে ছেলের আহাজারি

৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংযোগ সড়কে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে টানেল সংযোগ সড়কের আনোয়ারা প্রান্তে এ ঘটনা ঘটে।

আনোয়ার পারভেজ (৪৫) নামের নিহত ওই ব্যক্তি কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী আরেক নিরাপত্তাকর্মী নাজিম উদ্দীন বলেন, তাঁরা তিনজন তিনটি সাইকেল নিয়ে চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। টানেলের সংযোগ সড়কের এক কিলোমিটার পথ অতিক্রম করার পর পেছন থেকে একটি ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিয়ে চলে যায়। নাজিম উদ্দীন বলেন, ‘ঘটনার সময় আমি সামনে ছিলাম। পেছনে আওয়াজ শুনে দেখি সাইকেলসহ আনোয়ার পড়ে আছে। মুহূর্তে একজন মানুষ নাই হয়ে গেল।’

আনোয়ার পারভেজের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে-সবার বড় ১০ বছর বয়সী আবু সায়েম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। বাবার মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা থেকে তাকে ঘটনাস্থলে নিয়ে আসেন চাচারা। সেখানে এসে আহাজারি করতে করতে আবু সায়েম বলছিল, ‘আমার আব্বু মরেনি। আমার আব্বুর কিচ্ছু হয়নি। তোমরা আমার আব্বুকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে চল। আমার আব্বুর টিফিন বাক্স (রাস্তা থেকে) তুলে দাও। আমি আব্বুকে ছাড়া যাব না।’

নিহত ব্যক্তির ছোট ভাই আনোয়ার সাদেক বলেন, ‘আমার ভাইয়ের তিনটি ছোট ছোট সন্তানদের কী সান্ত্বনা দিব আমরা। আমাদের তো সব শেষ হয়ে গেল।’

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন, তবে ট্রাকটি জব্দ করা যায়নি। টানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ট্রাক শনাক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close