কাল বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বাড়ছে প্রবেশমূল্য

২০ জানুয়ারি ২০২৪, ০২:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন তিনি। মাসব্যাপী চলা এবারের মেলায় ব্যবসায়ীদের স্টল ও দর্শনার্থীদের প্রবেশমূল্য দুটিই বাড়ছে।

মেলার প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নীচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।  মেলার টিকিট অনলাইনেও বিক্রয় করা হবে। বিকাশের মাধ্যমেও ডিসকাউন্টে টিকিট বিক্রি করা হবে।

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছরের মত ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টলের মোট সংখ্যা ৩৫১টি।  ইতোমধ্যে প্রায় সবগুলো প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

মেলায় যাতায়াতের সুবিধার জন্য গতবারের মতো শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড হতে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

আরও পড়ুন: শেখ হাসিনাকে আরও ৮ দেশের অভিনন্দন

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। তবে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পেছানো হয়েছে মেলার ২৮তম আসর।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা হয়নি। ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) স্থায়ীভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬
আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল— ঢাবিতে চান্স পাইনি
  • ০৭ মার্চ ২০২৬