অবরোধে ফাঁকা সড়ক © ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ফের অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি। শুক্রবার ও শনিবার দুইদিনের বিরতি দিয়ে রোববার থেকে সপ্তম দফার অবরোধ শুরু হবে।
বৃহস্পতিবার বিএনপি ও সমমান দলের একাধিক নেতার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাথে আন্দোলন করা একটি দলের সভাপতি জানান, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে।
৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।