বাংলাদেশ দল © সংগৃহীত
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক অনূর্ধ্ব-২০ দলের দুই তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খানের প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া। অন্যদিকে, অভিজ্ঞ কয়েকজন ফুটবলারের প্রত্যাবর্তনেও নতুন মাত্রা দলে এসেছে।
তবে আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমানের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি। এ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ কিরমানি দলে ফিরেছেন।
নতুন দুই মুখের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান সুলিভান ইতোমধ্যে বয়সভিত্তিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন এই তরুণ। পরে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালেও টাইব্রেকারে গোল করে আলোচনায় আসেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলছেন রোনান।
অন্যদিকে, ইংল্যান্ডে জন্ম নেওয়া স্ট্রাইকার মোহাম্মদ মাহি খানের জাতীয় দলে ডাক পাওয়ার পেছনে তার সাম্প্রতিক পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। বর্তমানে ইংলিশ ফুটবলের নবম স্তরের ক্লাব মলটন এফসির প্রতিনিধিত্ব করছেন তিনি। চলতি মৌসুমে মাত্র ৭ ম্যাচে করেছেন ৯ গোল।
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।