আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি © সংগৃহীত

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের কৌশলগত সংলাপে অংশ নিতে দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। বর্তমান দায়িত্বে ফিলিপ বার্টনের এটিই প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর করা রয়েছে তার। আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন একাডেমিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপে যোগ দিতে আজ ঢাকায় আসছেন তিনি। এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। এই সংলাপে বন্দিবিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, উন্নয়ন সহায়তা, সুশাসন, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, শান্তিরক্ষা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পাবে। নির্বাচনের আগে সংলাপটি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, এতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকার নিয়েও কথা বলবে যুক্তরাজ্য।

এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা সংকট, আগামী বছর দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন, নারীর ক্ষমতায়ন, অভিবাসন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশ, শ্রম অধিকার ও পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস), ইউক্রেন সংকট, শান্তি রক্ষায় সদস্যদের প্রশিক্ষণ ও অর্থায়নের মতো বিষয়গুলোতে আলোচনা হবে। সেই সঙ্গে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সুশীল সমাজের স্থান, মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বৈঠকে আলোচনায় আসবে।

প্রায় দুই বছর পর ঢাকা লন্ডন কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে চতুর্থ অংশীদারত্ব সংলাপে অনুষ্ঠিত হয়। ওই সংলাপে এক দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মত হয়েছিল। পাশাপাশি বন্দিবিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি স্বাক্ষরের বিষয়েও ঢাকা-লন্ডন একমত।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় দশক ধরে লন্ডনে অবস্থান করছেন। তাকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আসামি চৌধুরী মঈনুদ্দীন পলাতক থাকায় তার দণ্ড কার্যকর করা যায়নি। তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে ধারণা বাংলাদেশের।

এছাড়াও যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু নাগরিক সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বন্দিবিনিময় ও পারস্পরিক আইনি সহায়তা চুক্তি সই হলে সাজাপ্রাপ্ত অপরাধী এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

ট্যাগ: জাতীয়
ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬