সাইবার হামলার শঙ্কায় সাময়িকভাবে এনআইডি সার্ভার বন্ধ © সংগৃহীত
সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ আছে। সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে বিপাকে পড়েছেন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও। এতে বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে
বুধবার (১৬ আগস্ট) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সকাল বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন।
এনআইডির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর জানান, সাইবার হামলা আশঙ্কা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছে। কখন এটি চালু হতে পারে তা এখনই বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় ও ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ একটি হ্যাকারগোষ্ঠী বিগত ৩১ জুলাই আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে সিআইআইসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি সতর্কতা জারি করা হচ্ছে।