১২ কেজি এলপিজির দাম এবার বাড়ল ৫৭ টাকা © সংগৃহীত
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২ মে) নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে।
ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮.১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বিইআরসি নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই শ্রমশক্তি
এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর মার্চ মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ডিসেম্বর মাসে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।