রাজধানীতে ঈদ জামাত কোথায়, কখন

২১ এপ্রিল ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© সংগৃহীত

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার (২২ এপ্রিল) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। ইতোমধ্যে রাজধানীতে স্থানভেদে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। জেনে নেয়া যাক রাজধানীতে কোথায় কখন ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করে থাকেন। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন।

আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে এবং ওই জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্যান্য ঈদ জামাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় হবে জমঈয়তে আহলে হাদিসের প্রধান জামাত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে।

আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত হবে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। আবহাওয়া ভালো না থাকলে বা বৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকায় ছয়টি জামাত হবে। মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে সকাল ৭টায়, সকাল সোয়া ৭টায় সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে, সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, ৮টায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত হবে। কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল সোয়া ৮টায় এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ ও ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত হবে এবার। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। আজ শুক্রবার (২১ এপ্রিল) সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। 

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close