© টিডিসি ফটো
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন দেশের দারিদ্র্য মানুষের নাভিশ্বাস অবস্থা ঠিক তখনই পটুয়াখালীর বাউফলে ঈদুল ফিতরকে সামনে রেখে মানবতার বন্ধু ও এসএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে গরীব দুস্থঃদের মধ্যে ভর্তুকি মূল্যে খাবার সামগ্রী বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমিনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দুপুর ২টা পর্যন্ত প্রথম দিনে ১২৫ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব বেচা-বিক্রি চলে।
এসময় ২৪০ টাকা কেজির মুরগী বিক্রি করা হয়েছে ১২০ টাকায়, ১০০ টাকার ১০টি ডিম বিক্রি করা হয়েছে ৫০ টাকায়, ১৪৫ টাকা লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়েছে ১০০ টাকায়।
দাপপাড়া গ্রামের টমটম চালক নুরু বলেন, ঈদ উপলক্ষে এই খাবার সামগ্রী স্বল্পমূল্যে পেয়ে খুবই আনন্দিত হয়েছি ও উপকৃত হয়েছি।
হোসনাবাদ গ্রামের আবদুল মজিদ বলেন, বাজারের সকল জিনিসের যে দাম তার অর্ধেকমূল্যে এই ঈদ বাজার করার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ।
২০১৫ ব্যাচের আরিফুল ইসলাম সাগর জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে কয়েকজন বিত্তবান ও ৩০জন বন্ধু মিলে ৩৫ হাজার টাকার মুরগি, তৈল ও ডিম কিনে তা ভর্তুকি মূল্যে গরীব ও অসহায় মানুষের মাঝে বিক্রি করা হয়। ইদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আগামীকাল বুধবার(১৯ এপ্রিল) একই জায়গায় ভতূর্কি মূল্যে চিনি, সেমাই ও দুধ বিক্রি করা হবে।
সংগঠনটির বাউফল শাখার সভাপতি মুনতাসির বলেন, কিশোর গ্যাং কালচারকে রুখে দিতে আমরা বাউফলে মানবতার বন্ধু নামের সংগঠনটি গড়ে তুলেছি। বিত্তবান ও ব্যাচ ২০১৫ এর সহযোগীতায় ভর্তুকি মূল্যে এ খাবার সামগ্রী বিক্রি করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এ ছাড়াও রমজান মাস জুড়ে মানবতার বন্ধু সংগঠনের মাধ্যমে অসহায় নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, মানবতার বন্ধু ও এএসসি ২০১৫ ব্যাচের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে ভর্তুকি মূল্যে মুরগি, ডিম ও তেল বিক্রি করা হয়েছে। এটি একটি অসাধারণ ও প্রশংসনীয় কাজ। সংশ্লিষ্ট যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতেও এমন মহতি কার্যক্রম অব্যহত রাখলে সমাজের নিম্নবিত্তদের অনেক উপকার হবে।