নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর

৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM
পে-স্কেল

পে-স্কেল © টিডিসি সম্পাদিত

জাতীয় বেতন কাঠামো-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নিয়মে নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক কর্মচারীরাও গত ১ জুলাই থেকে বর্ধিত হারে বেতন পাবেন। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, আনুতোষিক এবং বর্ধিত পেনশনের সুবিধা পাবেন না তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা নির্ধারণে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। তবে এ জন্য সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী তাঁদের নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে।

এ ছাড়া ১ জুলাইয়ের পর যারা চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রেও নতুন নিয়ম অনুসরণ করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, অবসর গ্রহণের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তারা যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী একই গ্রেড ও ধাপের বেতন তাদের চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে নির্ধারিত হবে। এ ক্ষেত্রেও বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

এ ধরনের কর্মচারীরা চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নতুন বেতন কাঠামোর নির্ধারিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতাদি পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে উল্লেখ করা বেতনই তাদের জন্য প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নির্ধারিত গ্রস পেনশন (কম্যুটেশন বা সমর্পণের আগের পরিমাণ) এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া যাবে না।

তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অর্থাৎ নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন ও চুক্তিতে নির্ধারিত ভাতা পাওয়া গেলেও এসব অতিরিক্ত অবসরকালীন সুবিধা পাবেন না চুক্তিভিত্তিক কর্মচারীরা।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন—এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয় করা হবে এবং সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬