মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিন্যাসে ভিন্নতা

০৮ অক্টোবর ২০১৯, ০৯:৫০ AM

২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএসের ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছর মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের বিন্যাস হবে ভিন্ন ভিন্ন। প্রশ্নপত্রের আকারও আট পৃষ্ঠা থেকে কমে দুই পৃষ্ঠা হচ্ছে।

পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আগে ওএমআরসহ প্রশ্নপত্র ছিল আট পৃষ্ঠা। এটা সেলাই করার জন্য ১২ থেকে ১৪ জন মানুষকে আনতে হত। এবার প্রশ্নপত্র ওএমআরসহ দুই পৃষ্ঠা করা হয়েছে, এতে কোনো সেলাই নেই।”

আগে প্রশ্নের চারটি সেট থাকলেও এবার কোনো সেট থাকছে না জানিয়ে মহাপরিচালক বলেন, “প্রত্যেকটি প্রশ্নপত্রের বিন্যাস হবে ভিন্ন। অর্থাৎ, প্রশ্নপত্রের বিষয়বস্তু একই হবে, বিন্যাস হবে পুরোপুরি আলাদা। প্রশ্নের সঙ্গে সঙ্গে চারটি উত্তরও ভিন্নভাবে সাজানো থাকবে।”

এ বছর প্রশ্নপত্র প্রণয়নে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে জানিয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডু বলেন, “প্রশ্নপত্র পাঠানোর জন্য ট্রাঙ্কের সাথে সংযুক্ত ট্র্যাকিং ডিভাইস ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের তৎপরতা ও নজরদারি জোরদার করেছে।”

সাইবার-ক্রাইম প্রতিরোধ এবং পরীক্ষার আগের দিন রাত ১০টা থেকে পরীক্ষার দিন সকাল ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি সীমিত রাখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পরিদর্শনকারী টিমসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন, ব্লুটুথসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে।

সুপ্রিয় কুমার কুন্ডু বলেন, দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি মেডিকেল কলেজের চার হাজার ৬৮টি ও বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৩৩৬টিসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের জন্য ভর্তি পরীক্ষা হচ্ছে।

এসব আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে, যা গত বছরের তুলনায় সাত হাজার নয়জন বেশি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, ওভারসাইট কমিটির সদস্য ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬