ছেঁড়া পাঞ্জাবি পরায় ছাত্রকে ৩০ বেত্রাঘাত শিক্ষকের

১২ অক্টোবর ২০২১, ১১:৫৫ PM
বেত দিয়ে ৩০টি আঘাত করেন শিক্ষক

বেত দিয়ে ৩০টি আঘাত করেন শিক্ষক © সংগৃহীত

মাদ্রাসায় যাওয়ার পথে ভ্যানের সঙ্গে লেগে গায়ের পাঞ্জাবি ছিঁড়ে যায় ১২ বছরের সাবির মাহমুদের। হেফজের ছাত্র সাবির ওই অবস্থায়ই মাদ্রাসায় পৌঁছায়। গায়ের পাঞ্জাবি ছেঁড়া দেখে হাসাহাসি করতে থাকে তার সহপাঠীরা। এ দেখে শিক্ষক হাফেজ আব্দুল মাজেদ ওই ছাত্রদের কিছু না বললেও সাবিরের সঙ্গে করেন নির্মম আচরণ। শিশুটির শরীরে বেত দিয়ে ৩০টি আঘাত করেন তিনি। এতে ক্ষতবিক্ষত হয় সাবিরের শরীর। 

সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া তাহফীজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় ঘটে অমানবিক এ ঘটনা। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আব্দুল মাজেদ গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

আহত শিক্ষার্থী সাবির মাহমুদকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর ভড়পাড়া গ্রামের শামীম আল মামুনের ছেলে। অভিযুক্ত শিক্ষক মাজেদ নাটোরের সিংড়া উপজেলা সদরের জমশেদ আলীর ছেলে।

আহত সাবির জানায়, সে ১৩ পারা ১১ পৃষ্ঠা কোরআন মুখস্থ করেছে। সোমবার দুপুরে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার সোহাগপাড়া বাজারে ভ্যানের সঙ্গে লেগে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে যায়। মাদ্রাসায় যাওয়ার পর হেফজ বিভাগের শিক্ষক আব্দুল মাজেদ তাকে বেদম বেত্রাঘাত করেন। এ সময় সে অসুস্থ হয়ে পড়ে।

সন্ধ্যায় সাবির বাড়িতে গেলে পাঞ্জাবি খোলার পর পরিবারের লোকজন আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। তার শরীরে ৩০টি বেতের আঘাত ফুটে ওঠে। পরে তার অভিভাকরা মাদ্রাসার পরিচালক মাহবুবুর রহমান সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বিষয়টি অবহিত করেন। মাদ্রাসার পরিচালক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাবিরের বাবা মির্জাপুর থানায় মৌখিকভাবে অভিযোগ করেন।

এদিকে মঙ্গলবার সকালে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের ডেকে আনেন। এরপর উভয়পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষক আব্দুল মাজেদকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

সাবিরের বাবা শামীম আল মামুন বলেন, সোমবার রাতেই ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগ করেন।

তাহফীজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাহবুবুর রহমান সোহেল জানান, অভিযুক্ত শিক্ষকের বিষয়ে মঙ্গলবার সকালে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনের কার্যালয়ে বসা হয়েছিল। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬