মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন

০৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১২ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ছবি

জাতীয় সংসদে বিরোধী দলের আপত্তির মধ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

আরও পড়ুন: সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান আন্তর্জাতিক ৮ মানবাধিকার সংগঠনের

এ সময় জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-কে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুতে আলোচনার জন্য তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অপ্রতুল। সংসদে অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়ে সময় ব্যয় হলেও এমন মৌলিক বিষয়ে পর্যাপ্ত সময় না দেওয়া দুঃখজনক।

২০০৯ সালের মানবাধিকার কমিশন আইনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে এই কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, এই কমিশন বিরোধী দল দমনে ব্যবহৃত হয়েছে এবং একটি পক্ষকে দমন করার বৈধতা দিয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করে পুরোনো আইনে ফিরে যাওয়া একটি ‘পশ্চাৎমুখী পদক্ষেপ’, যা জাতির অগ্রগতিকে ব্যাহত করবে।

কমিশন গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। তার মতে, ছয় সদস্যের সিলেকশন কমিটিতে অধিকাংশই সরকারপক্ষের হওয়ায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

এছাড়া মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সরকারি অনুমতির বাধ্যবাধকতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যেখানে সরকার বা বাহিনী জড়িত থাকতে পারে, সেখানে তাদের অনুমতি নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬