জার্মানিতে ক্যারিয়ার গড়ার সেরা সুযোগ আউসবিল্ডুং, আবেদন করবেন যেভাবে

২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইউরোপের দেশ জার্মানিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে আউসবিল্ডুং (Ausbildung) পদ্ধতি। এটি প্রচলিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক উচ্চশিক্ষার মতো নয়; বরং শ্রেণিকক্ষের পাঠদান ও বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত একটি দ্বৈত পেশাগত শিক্ষা ব্যবস্থা। এ পদ্ধতিতে বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট পেশায় প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মাসিক ভাতাও পেয়ে থাকেন। প্রশিক্ষণ শেষে জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে চাকরির সুযোগ তৈরি হয়।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এ ব্যবস্থায় জার্মানিতে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য জার্মান ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং ভিসার শর্ত পূরণ করতে হয়। বিশেষ করে যারা তুলনামূলক কম খরচে জার্মানিতে গিয়ে পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবন শুরু করতে চান, তাদের জন্য আউসবিল্ডুং একটি বিবেচনাযোগ্য পথ।

আউসবিল্ডুং কী?

জার্মান শব্দ Ausbildung-এর অর্থ প্রশিক্ষণ বা পেশাগত শিক্ষা। জার্মানির দ্বৈত পেশাগত শিক্ষা ব্যবস্থায় (Dual Vocational Training) একজন প্রশিক্ষণার্থী একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং ভোকেশনাল স্কুলে তাত্ত্বিক শিক্ষা গ্রহণ করেন।

সাধারণত সপ্তাহের তিন থেকে চার দিন সংশ্লিষ্ট কোম্পানিতে হাতে-কলমে কাজ শেখানো হয় এবং বাকি সময় Berufsschule বা পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করা হয়। তবে পেশা ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সময়সূচিতে পার্থক্য থাকতে পারে।

সাধারণত এ প্রশিক্ষণের মেয়াদ দুই থেকে সাড়ে তিন বছর। প্রশিক্ষণ চলাকালে প্রতিষ্ঠান থেকে মাসিক প্রশিক্ষণ ভাতা বা বেতন দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে নির্ধারিত পরীক্ষা পাস করলে সংশ্লিষ্ট পেশায় স্বীকৃত যোগ্যতা অর্জন করা যায়। এ ছাড়া জার্মানিতে School-based Vocational Training নামে আরেক ধরনের প্রশিক্ষণব্যবস্থা রয়েছে। এতে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করা হয় এবং সব ক্ষেত্রে প্রশিক্ষণকালীন বেতন পাওয়া যায় না।

কোন কোন বিষয়ে আউসবিল্ডুং করা যায়?

জার্মানিতে বিভিন্ন শিল্প, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, ব্যবসা ও সেবা খাতে Ausbildung করার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র হলো—


১. স্বাস্থ্যসেবা (Nursing and Healthcare)

হাসপাতাল ও বয়স্কদের পরিচর্যা

প্রশিক্ষণের মেয়াদ সাধারণত তিন বছর।

২. তথ্যপ্রযুক্তি (Information Technology)

Software Development
System Integration

প্রশিক্ষণের মেয়াদ সাধারণত তিন বছর।


৩. ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষা

মেকাট্রনিক্স টেকনিশিয়ান (Mechatroniker), 
ইন্ডাস্ট্রিয়াল মেকানিক (Industriemechaniker) 
ইলেকট্রনিক্স টেকনিশিয়ান

প্রশিক্ষণের মেয়াদ দুই থেকে সাড়ে তিন বছর হতে পারে।

৪. হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা

 Restaurant and Event Catering

 Tourism and Hospitality

 প্রশিক্ষণের মেয়াদ সাধারণত তিন বছর।

৫. লজিস্টিকস ও ব্যবসা ব্যবস্থাপনা

গুদামজাতকরণ ও সরবরাহ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
অফিস ব্যবস্থাপনা নির্বাহী বা প্রশাসনিক কর্মকর্তা
পাইকারি এবং বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা

প্রশিক্ষণের মেয়াদ সাধারণত দুই থেকে তিন বছর।

আউসবিল্ডুংয়ে আবেদনের যোগ্যতা

জার্মানিতে Ausbildung করতে আগ্রহী বিদেশি আবেদনকারীদের কয়েকটি মৌলিক যোগ্যতা পূরণ করতে হয়। তবে সব পেশা ও প্রতিষ্ঠানের জন্য একই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা: সাধারণত মাধ্যমিক পর্যায়ের স্কুলশিক্ষা সম্পন্ন করার সনদ প্রয়োজন হয়। কোন পর্যায়ের সনদ গ্রহণযোগ্য হবে, তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পেশার নিয়মের ওপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে সনদের স্বীকৃতি বা সমমান নির্ধারণ করতে হতে পারে।

বয়স: Ausbildung শুরু করার জন্য সাধারণভাবে নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে প্রশিক্ষণস্থল খোঁজার জন্য জার্মানিতে প্রবেশের বিশেষ ভিসার ক্ষেত্রে বয়স ৩৫ বছরের কম হতে হয়।

জার্মান ভাষাগত দক্ষতা : ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির সরকারি পোর্টাল Make it in Germany অনুযায়ী সাধারণত B1 পর্যায়ের ভাষাজ্ঞান প্রয়োজন। তবে প্রশিক্ষণ ভিসার জন্য সাধারণত A2 এবং চিকিৎসাসংক্রান্ত পেশার ক্ষেত্রে অন্তত B1 উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠান ও পেশার শর্ত আরও বেশি হতে পারে। তাই নিরাপদ প্রস্তুতি হিসেবে B1 অর্জন এবং প্রয়োজন অনুযায়ী B2 পর্যন্ত যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের চুক্তি: আবেদনকারীকে জার্মানির কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে প্রশিক্ষণের প্রস্তাব ও চুক্তি পেতে হবে। এতে প্রশিক্ষণের সময়কাল, কাজের ধরন এবং বেতনের তথ্য উল্লেখ থাকে।

আর্থিক সক্ষমতা: জার্মানিতে অবস্থানকালে নিজের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হয়। কোম্পানিভিত্তিক প্রশিক্ষণের বেতন এ ক্ষেত্রে বিবেচিত হয়। বেতন নির্ধারিত সীমার কম হলে অতিরিক্ত অর্থের প্রমাণ দিতে হতে পারে।


প্রশিক্ষণকালীন বেতন কত?

Ausbildung-এর অন্যতম আকর্ষণ হলো প্রশিক্ষণ চলাকালে মাসিক বেতন পাওয়া। তবে সব পেশা, কোম্পানি ও অঞ্চলে বেতনের পরিমাণ এক নয়। প্রতিষ্ঠান, প্রশিক্ষণ চুক্তি এবং প্রযোজ্য Collective Agreement অনুযায়ী বেতন নির্ধারিত হয়। জার্মানিতে কিছু কোম্পানিভিত্তিক Ausbildung-এর ভিসাগত আর্থিক শর্ত পূরণে মাসিক অন্তত €1,048 Gross অথবা €822 Net প্রশিক্ষণ ভাতা থাকলে সাধারণভাবে জীবিকা নির্বাহের সক্ষমতা প্রমাণিত বলে বিবেচিত হয়। অন্যদিকে স্কুলভিত্তিক প্রশিক্ষণে মাসিক অন্তত €959 অর্থের প্রমাণ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে ব্লকড অ্যাকাউন্ট, স্পনসরশিপ বা গ্রহণযোগ্য অন্য আর্থিক প্রমাণ দেখানোর সুযোগ রয়েছে।

প্রশিক্ষণ শেষ হলে সংশ্লিষ্ট পেশায় দক্ষ কর্মী হিসেবে চাকরির আবেদন করা যায়। যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রশিক্ষণ শেষে জার্মানিতে সর্বোচ্চ ১৮ মাস চাকরি খোঁজার জন্য থাকার অনুমতিও পাওয়া যায়। 

বাংলাদেশ থেকে আবেদন করার প্রক্রিয়া

বাংলাদেশি নাগরিকদের জার্মানিতে Ausbildung করতে যাওয়ার জন্য সাধারণত জাতীয় ভিসা (National Visa) প্রয়োজন হয়। আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়।

প্রথম ধাপ: পেশা নির্বাচন ও ভাষা শিক্ষা

প্রথমে নিজের আগ্রহ, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশা নির্বাচন করতে হবে। এরপর জার্মান ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট পেশার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।

দ্বিতীয় ধাপ: প্রশিক্ষণ প্রতিষ্ঠান খোঁজা

জার্মানির কোম্পানিগুলোর ওয়েবসাইট, সরকারি চাকরি অনুসন্ধান পোর্টাল এবং প্রশিক্ষণ বিজ্ঞপ্তির মাধ্যমে উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজতে হবে। সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে নতুন প্রশিক্ষণ ব্যাচ শুরু হয়। এ কারণে সরকারি পোর্টালগুলোতে প্রায় এক বছর আগে থেকে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপ: আবেদন ও সাক্ষাৎকার

নির্বাচিত প্রতিষ্ঠানে জার্মান বা ইংরেজি ভাষায় জীবনবৃত্তান্ত (CV), মোটিভেশন লেটার এবং শিক্ষাগত সনদ পাঠাতে হবে। প্রতিষ্ঠান আবেদন যাচাই করে সাক্ষাৎকার নিতে পারে। নির্বাচিত হলে প্রশিক্ষণ চুক্তি দেওয়া হয়।

চতুর্থ ধাপ: ভিসার আবেদন

প্রশিক্ষণ চুক্তি পাওয়ার পর জার্মান দূতাবাস, ঢাকার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ভিসার আবেদন করতে হবে। দূতাবাসের নিয়ম অনুযায়ী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত দিনে আবেদন জমা দিতে হয়।

পঞ্চম ধাপ: জার্মানিতে যাত্রা

ভিসা অনুমোদিত হলে জার্মানিতে গিয়ে নির্ধারিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শুরু করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র

সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে—

১. বৈধ পাসপোর্ট।

২. পূরণ করা ভিসা আবেদনপত্র ও প্রয়োজনীয় ঘোষণা।

৩. পাসপোর্ট সাইজের ছবি।

৪. শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট।

৫. জার্মান ভাষার দক্ষতার প্রমাণ।

৬. জার্মান কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত Ausbildung Contract।

৭. প্রশিক্ষণ পরিকল্পনা বা Ausbildungsplan।

৮. জীবনবৃত্তান্ত (CV)।

৯. মোটিভেশন লেটার।

১০. স্বাস্থ্যবিমার প্রমাণ।

১১. জীবনযাত্রার ব্যয় নির্বাহের আর্থিক প্রমাণ।

প্রয়োজনীয় কাগজপত্র বাংলা ভাষায় হলে ইংরেজি অথবা জার্মান অনুবাদ সংযুক্ত করতে হবে। দূতাবাস প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্রও চাইতে পারে। 

আউসবিল্ডুং শেষে কী ধরনের সুযোগ রয়েছে?

প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় চাকরির সুযোগ তৈরি হয়। জার্মানির নিয়োগদাতাদের কাছে স্বীকৃত পেশাগত যোগ্যতা অর্জন করায় কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।

এ ছাড়া—

প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। এছাড়া অন্য প্রতিষ্ঠানে দক্ষ কর্মী হিসেবে আবেদন করা যায়। পাশাপাশি প্রশিক্ষণ শেষে চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ১৮ মাস থাকার অনুমতি পাওয়া যেতে পারে। আর  প্রয়োজনীয় শর্ত পূরণ করে পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতির আবেদন করা যায়।

তবে এসব সুযোগ চাকরির নিশ্চয়তা বা স্বয়ংক্রিয় স্থায়ী বসবাসের অনুমতি নয়। 

আবেদন ও তথ্য জানার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

বাংলাদেশি আবেদনকারীদের জন্য সরকারি ও নির্ভরযোগ্য কয়েকটি ওয়েবসাইট:

ওয়েবসাইট কী জানা যাবে
Make it in Germany Ausbildung, যোগ্যতা ও ভিসা
Federal Employment Agency প্রশিক্ষণ ও চাকরির বিজ্ঞপ্তি
Berufsausbildung পেশাগত প্রশিক্ষণ সম্পর্কে তথ্য
BERUFENET     বিভিন্ন পেশার কাজ ও যোগ্যতা
German Embassy Dhaka বাংলাদেশ থেকে প্রশিক্ষণ ভিসার নিয়ম
Consular Services Portal অনলাইনে ভিসার আবেদন

প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ

জার্মানিতে Ausbildung-এর সুযোগ নিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এজেন্সি কাজ করে। তবে আবেদনকারীদের কোনো প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার আগে তাদের বৈধতা, চুক্তির শর্ত, প্রশিক্ষণদাতা কোম্পানির পরিচয় এবং বেতনের তথ্য যাচাই করা উচিত। বিশেষ করে ভিসা নিশ্চিত করার নামে অতিরিক্ত অর্থ দাবি, ভুয়া নিয়োগপত্র এবং নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকতে হবে। জার্মানির সরকারি পোর্টালও বেসরকারি নিয়োগ সংস্থার শর্ত যাচাই করার পরামর্শ দিয়েছে। 

৫ দিন ধরে আমরণ অনশনে নারী শিক্ষকরা, শিশুদের সময় কাটছে খেলাধ…
  • ২৯ নভেম্বর ২০২৬
দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কমল ৮০ হাজার
  • ২৯ নভেম্বর ২০২৬
নয়নকে যে হুঁশিয়ারি দিলেন টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপ…
  • ২৯ নভেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশের নতুন স্থান নির্ধারণ
  • ২৯ নভেম্বর ২০২৬
জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ব্যক্তির পর…
  • ২৯ নভেম্বর ২০২৬
ভারত ও বাংলাদেশের যে দুই সীমান্তের কথা ভাবছেন শেখ হাসিনা
  • ২৯ নভেম্বর ২০২৬