ছবিতে ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নেতৃবৃন্দ উপাচার্যের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
এসময় উপাচার্য নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং অতীতের ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান৷
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডুজার সদ্য সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাবেক অর্থ সম্পাদক মনির হোসেন, নব নির্বাচিত সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবির সহ ডুজার সাধারণ সদস্যবৃন্দ।
এর আগে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজা কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন। এতে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদি হাসান সভাপতি ও বাংলানিউজ২৪.কম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজ্জাদুল কবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিক আব্দুল্লাহ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের আবু সাঈদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের ঈসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মামুন তুষার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাজহারুল ইসলাম রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।